বিদায়ী ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিলেন মেসি
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর মাত্র কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনার জার্সিতে নিজের সেই শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন মেসি।বাংলাদেশ সময় আগামী ৭ অক্টোবর বুধবার ভোরে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন মেসি। এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচটি ঘিরেই এখন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ আটকে রয়েছে।আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলা হয়েছে, বেনিনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মেসি।নিজের প্রিয় শহর রোজারিওতে টানা দুই দিন ছুটি কাটিয়ে সেখান থেকে সোজা বুয়েন্স আয়ার্সে এসে অবতরণ করেন মেসি। কোচ লিওনেল স্কালোনির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দলের সঙ্গে সরাসরি গিয়ে যোগ দিয়েছেন তিনি।এর আগে দলের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচগুলোতে মাঠে নামেননি মেসি। তবেআগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস আয়ার্সের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া এই ফিফা উইন্ডোর শেষ ম্যাচে মাঠে নেমে আলবিসেলেস্তেদের হয়ে শেষবারের মতো আলো ছড়াবেন মেসি। আকাশি-সাদা জার্সিতে ফুটবল জাদুকরের এটিই হতে চলেছে শেষ উপস্থিতি।গত প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনা ফুটবল দল আর লিওনেল মেসি যেন একটি মুদ্রার এপিঠ-ওপিঠ, একে অপরের পরিপূরক হিসেবেই পরিচিত। তাকে বাদ দিয়ে যেন দলটিকে এক মুহূর্তের জন্যও কল্পনা করা যায় না। কিন্তু সময়ের নিয়মে সেই গভীর ও আবেগময় বন্ধন এবার ছিন্ন হওয়ার পথে। দলের প্রাণভোমরাকে হারিয়ে সৃষ্ট গভীর শূন্যতা আর এক নতুন অধ্যায় শুরুর চরম রোমাঞ্চে এখন কাঁপছে পুরো আর্জেন্টিনা শিবির।আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের এই শেষ ম্যাচটিকে চিরস্মরণীয় করে রাখতে একেবারেই নতুন ও বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন মেসি। ম্যাচ শেষেই এই ঐতিহাসিক জার্সিটি তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থান পাবে। যেখানে ইতোমধ্যেই সংরক্ষিত রয়েছে তার অগণিত শিরোপা, ব্যক্তিগত অর্জন ও পুরস্কার।জানা গেছে, বিশেষ এই জার্সিতে দুটি প্রশস্ত আকাশি নীল এবং ঠিক মাঝখানে একটি সাদা রঙের লম্বালম্বি ফিতে থাকছে, যার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে দেশের জাতীয় পতাকার সেই সূর্য প্রতীকটি। এ ছাড়া তার বিখ্যাত নাম ও ১০ নম্বর জার্সিটি সোনালী রঙে খচিত থাকবে।এদিকে বেনিনের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আজই মাঠে গড়াতে যাচ্ছে আলবিসেলেস্তেদের শেষ অনুশীলন সেশন। ম্যাচ শুরুর আগে কোচ লিওনেল স্কালোনি এবং স্বয়ং লিওনেল মেসি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।