• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ রাত ১১:৫০:২২ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, শেষ হলো আর্জেন্টিনার এক গৌরবময় অধ্যায়

৩১ আগস্ট ২০২৬ রাত ১০:৪৮:০৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, শেষ হলো আর্জেন্টিনার এক গৌরবময় অধ্যায়

স্পোর্টস ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

‎সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মেসি। এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে চলা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। 

‎মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পরই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ওই ম্যাচের দুই দিন পরই অবসরের ঘোষণা লিখেছিলেন মেসি। তবে পরবর্তী সময়ে তার বাবার মৃত্যু এই সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে তাকে। 

‎নিজের বিদায়ী বার্তায় মেসি বলেন, সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের হলেও এখন সরে দাঁড়ানোর সময় এসেছে বলে তিনি মনে করেন। জাতীয় দলের জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

‎মেসির ভাষায়, আর্জেন্টিনার হয়ে খেলা তার কাছে শুধু দায়িত্ব নয়, বরং ছিল ভালোবাসা ও গর্বের বিষয়। সতীর্থদের সঙ্গে এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরে তিনি গর্বিত, যেগুলো একসময় শুধু স্বপ্নেই দেখতেন।

‎জাতীয় দল ছাড়ার অন্যতম কারণ হিসেবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের উঠে আসার বিষয়টিও তুলে ধরেছেন মেসি। তার মতে, তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে।

‎আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক অধ্যায় শুরু হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন তিনি, করেছেন রেকর্ড ১২৫ গোল। বিশ্বকাপে খেলেছেন ছয়টি আসর। 

‎তবে ক্যারিয়ারের শুরুটা ছিল হতাশায় ভরা। একাধিকবার বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা পান মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে পূর্ণতা দেন নিজের স্বপ্নকে। ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা শিরোপা যোগ হয় তার অর্জনের তালিকায়। 

‎২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা। ওই ম্যাচটিই হয়ে থাকল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। 

‎জাতীয় দলের জার্সি আর না পরলেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে তার খেলা অব্যাহত থাকার কথা রয়েছে। 

‎আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ে শেষ হলো আর্জেন্টিনা ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়। বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা, অসংখ্য রেকর্ড আর কোটি ভক্তের ভালোবাসা—সব মিলিয়ে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসির উত্তরাধিকার ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ
সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ
৩১ আগস্ট ২০২৬ রাত ০৮:০০:৫৪



নওগাঁয় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
৩১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:২১