• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৫৫:১৩ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
রংপুরে ইয়াবাসহ মা-ছেলে-পুত্রবধূ গ্রেফতার

রংপুরে ইয়াবাসহ মা-ছেলে-পুত্রবধূ গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মা, ছেলে, পুত্রবধূ এবং অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ৪৬টি ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।২৯ জুলাই বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতাররা হলেন, কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের দৌলতটারী এলাকার একরামুল হক একরা এবং রংপুর মহানগরের ৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার দিলারা বেগম, তার ছেলে রকি মিয়া ও পুত্রবধূ রিফা আক্তার।পুলিশ জানায়, রংপুর মহানগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ কমিশনারের নির্দেশনায় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হারাগাছ থানার ভুল্লাটারী, সাহেবগঞ্জ, হাজিরবাজার, বাঁধেরপাড়, পোদ্দারপাড়াসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের এক পর্যায়ে দৌলতটারী এলাকায় একরামুল হক একরার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে সাহেবগঞ্জ বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩১টি ইয়াবাসহ দিলারা বেগম, তার ছেলে রকি মিয়া এবং পুত্রবধূ রিফা আক্তারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭২৫ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারাগাছ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।