• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:৪১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইংলিশের প্রযোজনায় বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে।এই বহুল আলোচিত অনুসন্ধানী তথ্যচিত্রটির প্রধান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে জানান, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে ওই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে যারা ওই সময় প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করা হয়েছে।জুলকারনাইন বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সেই সাহস ও আস্থার কারণেই এই চলচ্চিত্রের গল্প বিশ্বমঞ্চে পৌঁছেছে।বাংলাদেশের কোনো গল্পের ইন্টারন্যাশনাল এমিতে পৌঁছানোর ঘটনা বিরল। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এর আগে ২০০৪ সালে বাংলাদেশের কিশোরদের নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল। এটি নির্মাণ করেছিল বাংলাদেশি কিশোরদের একটি দল এবং প্রামাণ্যচিত্রটি প্রচার করেছিল এটিএন বাংলা।‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ কিছুটা সহজ করবে।প্রামাণ্যচিত্রটি নির্মাণের সঙ্গে যুক্ত আল জাজিরার আই-ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ফেসবুক পোস্টে ধন্যবাদ জানান জুলকারনাইন সায়ের। সত্যনিষ্ঠভাবে ঘটনাগুলো তুলে ধরতে তাদের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।নিউইয়র্কে গত ২৩ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস এ বছরের মনোনয়ন ঘোষণা করে। এবার ১৬টি বিভাগে ২২টি দেশের মোট ৬৪টি অনুষ্ঠান ও শিল্পী মনোনয়ন পেয়েছেন।আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আয়োজন।