টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এবং নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু নিচু এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে।বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, টানা বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কয়েকটি জেলায় পানির চাপ বাড়ছে।এর আগে আবহাওয়া অধিদপ্তর ৯৬ ঘণ্টার ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৬১ মিলিমিটার, ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার।এদিকে দেশের চারটি নদী- ভুগাই, কংস, মনু ও মগরা এর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ভুগাই-কংস নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তবে বৃষ্টিপাত কমলে ধীরে ধীরে পানি কমে আসার সম্ভাবনাও রয়েছে।