দৌলতপুরে নেশাগ্রস্ত যুবক আটক, এক বছরের কারাদণ্ড
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নেশাগ্রস্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।১৮ ফেব্রুয়ারি বুধবার উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (৩৯) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। এ বিষয়ে তার পিতা আবুল বাসার অভিযোগ দায়ের করলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযোগে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম প্রায়ই বাড়িঘর ভাঙচুর করে এলাকায় অশান্তি সৃষ্টি করতেন।অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে নেশা করার বিভিন্ন সরঞ্জাম- কলকি, সিরিঞ্জ ও খালি ওষুধের বোতল উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নেশাগ্রস্ত থাকার বিষয়টি স্বীকার করেন।ভ্রাম্যমান আদালত জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।