সিলেটে বিজিবির অভিযান বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক কোটি ৮৬ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ বিজিবি।৬ সেপ্টেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি দায়িত্বাধীন বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল এসব অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির জওয়ানরা সীমান্ত সংলগ্ন এলাকায় একযোগে এ চোরাচালানবিরোধী অভিযান চালান।অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়। একই সাথে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ টি-শার্ট, সোয়েটার এবং জিন্স প্যান্ট জব্দ করা হয়। জব্দ এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই বৃহৎ চালান জব্দ করা সম্ভব হয়েছে।