নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই দায় নিতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।২৪ জুন বুধবার রাজধানীর আজিমপুরে শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, নকলের ধরন বর্তমানে পরিবর্তিত হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাই যে প্রতিষ্ঠানে নকলের ঘটনা ঘটবে, সেই প্রতিষ্ঠানের প্রধানকেই দায়ী করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি জানান, শিক্ষার্থীদের ইন-হাউজ কোচিংয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে সারা দেশে একক প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, কিছু শিক্ষক সামান্য বিষয়েও মামলা করেন, যার নেতিবাচক প্রভাব শিক্ষাখাতে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।পরীক্ষা পদ্ধতি নিয়ে তিনি বলেন, একসময় এসএসসি পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশে প্রায় এক বছর সময় লাগলেও বর্তমান সরকার সেই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। ২০২৭ সাল থেকে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জুলাইয়ের ২০ তারিখের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘এখনকার যুগে এসব অপকর্ম করে পার পাওয়া যাবে না। প্রতিটি জায়গায় এখন খুদে ক্যামেরাম্যান আছে।’