মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।২৫ জুলাই শনিবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৫৫/এমপি পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির টহল দলের সদস্যরা বিষয়টি শনাক্ত করেন। পরে তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।এ ঘটনায় বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।সূত্র: চ্যানেল২৪