ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
১১ জুলাই শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়।
বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। ফলে ওই তিন নারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, এ ঘটনায় বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে ওই তিন নারীকে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available