বড়াইগ্রামে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিলের ছবি ভাইরাল
নাটোর প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পর নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় অস্থায়ী কার্যালয় উন্মুক্ত করার মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরুর দাবি করা হয়েছে।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।পলাতক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাতিজা সাইমন পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক মেয়র ও কারানির্যাতিত আওয়ামী লীগ নেতা আব্দুল বারেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।পোস্টে তিনি উল্লেখ করেন,আব্দুল বারেকের নেতৃত্বেই বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উন্মুক্ত করা সম্ভব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই সারা দেশে আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে ফিরে আসবে।এদিকে বড়াইগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আতোয়ার রহমান লিটন তার ফেসবুক পোস্টে লেখেন, ছোট্ট পরিসরে দীর্ঘ ১৮ মাস পর বড়াইগ্রাম পৌরসভার অস্থায়ী আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তবে এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এসব বিষয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বড়াইগ্রামে এ ধরনের কোনো কার্যক্রম চালানোর সাহস তারা পাবে না। অন্যান্য জায়গায় লোক দেখানো কিছু কাজের চেষ্টা করা হচ্ছে মাত্র। এছাড়া তিনি জানান, প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।