রূপগঞ্জে ডাকাতি চেষ্টায় ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ৮টি নকল গাড়ির নাম্বার প্লেট, ২টি ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি:) হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ পূর্বাচল-৫৩ এলাকায় ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে সংবাদ পান। সংবাদে জানানো হয়, রূপগঞ্জ ইউনিয়নের ৩০০ ফিট ল্যাংটা মাজার গোলচত্বর থেকে কাঞ্চনমুখী ১০০ মিটার পূর্বে মহাসড়কে বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ঢাকা মেট্রো-গ-২৩-১৯০৮ নম্বরের একটি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন।এ সময় পেছন দিক থেকে আসা সিলভার রঙের একটি হাইচ মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-চ-১২-২২৯৯) গাড়িটির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৬/৭ জন ব্যক্তি নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিদেশ ফেরত যাত্রী সুমন মিয়াকে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেয়।খবর পেয়ে এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা যাত্রী সুমন মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রূপগঞ্জ থানাধীন ৩ নম্বর সেক্টরের প্রগতি স্কুলের সামনে ৭/৮ জন দুর্বৃত্ত গাড়িটি ফেলে পালিয়ে যায়।পুলিশ পরিত্যক্ত মাইক্রোবাস তল্লাশি করে একটি কালো ব্যাগের ভেতর থেকে ৮টি নকল নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-চ-১৪-৮৬০৪, ঢাকা মেট্রো-চ-১৯-০০১৪, ঢাকা মেট্রো-চ-১৯-৩৮৮২ ও ঢাকা মেট্রো-চ-১৯-৪৬২৮ নম্বরের প্রতিটির ২টি করে), ২টি ওয়্যারলেস সদৃশ ওয়াকিটকি, ৩টি দা ও ৩টি লাঠি উদ্ধার করে।উদ্ধারকৃত মাইক্রোবাসের সামনের ও পেছনের নাম্বার প্লেটও নকল বলে জানা গেছে।ঘটনায় প্রাইভেটকারের চালক মোজাহিদ খাঁ ও যাত্রী সুমন মিয়াকে দুর্বৃত্তরা আঘাত করলে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।