নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: মাগুরার মহম্মদপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে হাসপাতালে অনুমতি ছাড়া প্রচার চালানো এবং কম্বল বিতরণের অভিযোগ রয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মাগুরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন।