বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লেক্সাস বিস্কুটের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪.২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ২ নভেম্বর সোমবার সকালে এসআরবি-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান।এর আগে ১ নভেম্বর রোববার সন্ধ্যায় মোছা. আকলিমা (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে এসআরবি-১১।গ্রেফতার আকলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুর গ্রামের রাজেশ সিকদারের স্ত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৭টার দিকে সোনারগাঁয় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে এসআরবির একটি আভিযানিক দল। এ সময় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশিকালে সাধারণ যাত্রীর বেশে থাকা আকলিমার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট খুলে তল্লাশি করতেই ভেতরে লুকিয়ে রাখা ৪.২ কেজি গাঁজা বেরিয়ে আসে।ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের জেলায় এনে বিক্রয় করে আসছিলেন।এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এটিভি/এসআইআর