দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের ইতিহাস
স্পোর্টস ডেস্ক: ৬ বছর আগে পচেফস্ট্রুমের মাঠেই ইতিহাসের অংশ হয়েছিলেন তাওহিদ হৃদয়। দীর্ঘ বিরতির পর একই ভেন্যুতে ফিরে এবার আরও বড় কীর্তি গড়লেন বাংলাদেশের এই ব্যাটার।দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। একই সঙ্গে তার ইনিংসে ভর করে দলও ঘুরে দাঁড়িয়েছে।দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে যখন বাংলাদেশ চাপে ছিল, তখন ব্যাট হাতে দলের হাল ধরেন হৃদয়। সতীর্থরা শতকের কাছাকাছি গিয়ে থেমে গেলেও তিনি পৌঁছে যান দুইশর মাইলফলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ধরনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন এই বাংলাদেশি।দ্বিতীয় চারদিনের ম্যাচে হৃদয়ের অসাধারণ ইনিংসে ভর করে এখন ড্রয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’। তৃতীয় দিনের খেলা শেষে ১৩৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭১ রান।এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। ফলে বাংলাদেশ এখনো ৪১ রানে পিছিয়ে রয়েছে। ৩৩৯ বল মোকাবিলা করে ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়।তৃতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ২০১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন ৭৫ রানে অপরাজিত থাকা হৃদয় সেখান থেকেই ইনিংস এগিয়ে নেন। তার সঙ্গে ব্যাট করতে নেমে ইতিহাসের হাতছানি পেয়েছিলেন জাকের আলী অনিকও। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন তিনি। ১৬৮ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন জাকের।এর আগে, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে নতুন উচ্চতায় উঠে গেলেন তাওহিদ হৃদয়।সূত্র: যুগান্তর