স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ৭ নভেম্বর শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অপরাজিত দৃষ্টিনন্দন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখলেন তাওহিদ হৃদয়।
এ ইনিংসে বাংলাদেশের হয়ে একাধিক নতুন রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি টেস্ট ক্রিকেটের অভিজাত ব্যাটারদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন।
৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় সাজানো অপরাজিত ২৪২ রানের ইনিংসটি শুধু বিপর্যয়কর পরিস্থিতি থেকে টাইগারদের উদ্ধারই করেনি, এর মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন হৃদয় ।
২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের করা ২১৯ রানের আগের রেকর্ড ভেঙেছেন তিনি। নিজের প্রথম টেস্ট শতককেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম বাংলাদেশি ব্যাটারও হয়েছেন হৃদয়।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হৃদয়। তার আগে এ কৃতিত্ব দেখিয়েছেন তিনটি দ্বিশতকের মালিক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
হৃদয়ের ১১টি ছক্কা তাকে টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে বসিয়েছে। এ তালিকায় তার ওপরে রয়েছেন কেবল ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়াল। দুজনই এক ইনিংসে ১২টি করে ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এর আগে ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে সাতটি ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন তামিম।
টেস্টের এক ইনিংসে মোট দলীয় রানের সর্বোচ্চ শতকরা অবদান রাখার নতুন জাতীয় রেকর্ডও গড়েছেন হৃদয়। বাংলাদেশের ৩৮৬ রানের মধ্যে তার অপরাজিত ২৪২ রানের অবদান ৬২.৬৯ শতাংশ।
এর আগের রেকর্ডটি ছিল লিটন দাসের দখলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৪৩ রানে অলআউট হওয়ার ইনিংসে তিনি ২৫ রান করেছিলেন, যা ছিল দলের মোট রানের ৫৮.১৩ শতাংশ।
বাউন্ডারি থেকে রান সংগ্রহের ক্ষেত্রেও অনন্য কীর্তি গড়েছেন হৃদয়। তার ইনিংসে চার ও ছক্কা থেকে এসেছে ১৫৪ রান, যা টেস্ট ইনিংসে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ বাউন্ডারি রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১টি চারের সাহায্যে ১২৪ রান করে রেকর্ডটি গড়েছিলেন সাকিব।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও এখন হৃদয়ের। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের করা ১৭১ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।
৬ উইকেটে ১৮৪ রান থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ঘটনাটিও ছিল সমান বিস্ময়কর। নিচের সারির ব্যাটারদের নিয়ে হৃদয়ের লড়াকু ব্যাটিংয়ে সপ্তম উইকেট হারানোর পর ২০২ রান যোগ করে স্বাগতিকরা। টেস্ট ইনিংসে শেষ তিন উইকেট থেকে বাংলাদেশের এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ।
এক দিনে টেস্ট ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের সাকিবের রেকর্ডও ভেঙেছেন হৃদয়। দিনের খেলা শুরু করেছিলেন ২৯ রানে অপরাজিত থেকে। এরপর আরও ২১৩ রান যোগ করেন তিনি। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনে ২১২ রান করে রেকর্ডটি গড়েছিলেন সাকিব। বাসস
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available