স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে ক্যারিয়ারে যোগ হলো লিওনেল মেসির আরও এক বিরল সম্মান। দেশের ফুটবল ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় তাকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অনোরিস কাউসা’ প্রদান করেছে।
গত ৬ অক্টোবর মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এজেইজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পদক ও সনদ তুলে দেন বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি ও উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও উচ্চপরিষদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উচ্চপরিষদ সর্বসম্মতিক্রমে মেসিকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেসির দীর্ঘ ক্যারিয়ারকে উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় ও নৈতিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি বিশ্বজুড়ে তুলে ধরার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
জাতীয় দলের অধিনায়ক হিসেবে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জেতে। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা রানার্সআপ হয়।
সম্মাননা গ্রহণের পর মেসি বলেন, এমন স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। জাতীয় দলের বিদায়ী ম্যাচের দিনটিকে এই সম্মান আরও বিশেষ করে তুলেছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি বলেন, মেসির স্বীকৃতি শুধু তার মাঠের সাফল্যের জন্য নয়। নিজের শিকড়, পরিবার ও মূল্যবোধের সঙ্গে তার সম্পর্ক এবং সমাজের প্রতি অবদানও এই সম্মানের অন্যতম কারণ। মেসির প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলায় সহায়তার বিষয়টিও তুলে ধরেন তিনি।
গেলপি আরও বলেন, ফুটবলের মাধ্যমে মেসি খেলাধুলার গণ্ডি পেরিয়ে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। এ কারণেই তাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available