বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে অভিনেতা রাজেশ শর্মা
বিনোদন ডেস্ক: বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা।৭ জুলাই মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার ফল এখনো বাকি রয়েছে। এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।রাজেশ শর্মার শারীরিক অবস্থার খোঁজ রাখতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি অগ্নিদেব পরিচালিত চোর সিনেমায় অভিনয় করেছিলেন রাজেশ। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুদীপা চট্টোপাধ্যায় বলেন, ‘ভেবেছিলাম বিপদ কেটে গেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনো বিপদ কাটেনি। ওর রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে, অক্সিজেন স্যাচুরেশনও কমে যাচ্ছে। বিকেলে কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আসার কথা। এরপরই পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।’ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনার সময় দক্ষিণী সুপারস্টার প্রভাসের একটি নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে অবস্থান করছিলেন রাজেশ শর্মা। জঙ্গলের ভেতরে একটি লোকেশনে শুটিং চলাকালে বিরতির সময় টেকনিশিয়ানদের সঙ্গে চা খেতে যান তিনি।সেখানে বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি বলে জানা গেছে। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয়। এরপর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে তার শরীরে। বর্তমানে তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।এদিকে, রাজেশ শর্মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অভিনেতার বোন অন্য শহরে থাকলেও তার বৃদ্ধা মা বর্তমানে হাসপাতালে ছেলের সঙ্গেই রয়েছেন।