আন্তর্জাতিক ডেস্ক: বড় আকারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট মেটা। রয়টার্সের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২০ মে থেকে এই ছাঁটাই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হতে পারে এবং এটি কয়েক দফায় চলবে।
প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে মেটা বিশ্বজুড়ে তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে।


সূত্রগুলো আরও জানায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধেও আরও ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। তবে এর সময়সূচি ও পরিসর এখনো চূড়ান্ত হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতি ও অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধির ওপর ভিত্তি করে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা তাদের মোট কর্মীর ২০ শতাংশ বা তার বেশি কর্মী ছাঁটাই করতে পারে। তবে এ বিষয়ে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছেন, যার মাধ্যমে কোম্পানির কর্মপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে অ্যামাজন ও ব্লকসহ একাধিক প্রযুক্তি কোম্পানিও একই কারণে বড় আকারের কর্মী ছাঁটাই করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। মেটা ২০২২-২৩ সালে এর আগে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছিল।
বর্তমানে কোম্পানিটি এআই-নির্ভর কর্মপ্রক্রিয়া, মধ্যস্তরের ব্যবস্থাপনা হ্রাস এবং বিভিন্ন বিভাগ পুনর্গঠনের মাধ্যমে কার্যক্রম আরও দক্ষ করার দিকে মনোযোগ দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available