• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৩৭:৪৯ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা রেফারিকে বীরের সম্মান দিল জনতা

১১ জুন ২০২৬ সকাল ০৯:১১:১১

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা রেফারিকে বীরের সম্মান দিল জনতা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার আন্তর্জাতিক ফুটবল রেফারি ওমর আবদুলকাদির আরতান। পরে দেশে ফিরে রাজধানী মোগাদিসুতে বীরের সংবর্ধনা পেয়েছেন তিনি।

হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশ সোমালিয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াক্ষেত্রে স্বীকৃতি পাওয়া খুবই বিরল ঘটনা। তাই বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ফিফার নির্বাচিত কর্মকর্তাদের তালিকায় আরতানের নাম স্থান পাওয়ায় দেশজুড়ে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল।

এবারের বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ৫২ জন ম্যাচ অফিশিয়াল নির্বাচন করে। তাদের মধ্যে আফ্রিকা থেকে ছিলেন মাত্র সাতজন, যার একজন ছিলেন আরতান। গত বছর আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) তাকে মহাদেশের সেরা রেফারির স্বীকৃতি দেয়।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিনিই হতে পারতেন বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী প্রথম সোমালি রেফারি। তবে সেই স্বপ্ন ভেঙে যায় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর।

আরতানের ভাষ্য অনুযায়ী, শনিবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মার্কিন সীমান্ত ও কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা করে নিয়ে যান। পরে তাকে ইস্তাম্বুলগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। সেখান থেকে বুধবার ভোরে তিনি মোগাদিসুতে ফিরে আসেন।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নিরাপত্তা ও তথ্য যাচাইসংক্রান্ত’ কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনের শীর্ষ কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলেও সমালোচনা দেখা দিয়েছে।

তবে দেশে ফেরার পর আরতানকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দরে উপস্থিত সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার সম্পর্ক নানা কারণে আলোচনায় রয়েছে। অভিবাসন ও ভিসানীতিতে কড়াকড়ির প্রভাবও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। এর মধ্যেই আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় এবারের বিশ্বকাপে আরতান আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে তার পথচলা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সমর্থকেরা।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






‘সব দোষ মাহফুজ আলমের’
‘সব দোষ মাহফুজ আলমের’
১১ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২২





Follow Us