• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:১৬:১৪ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেলের ধাক্কা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

১১ জুন ২০২৬ সকাল ০৯:৫৪:১৬

মোটরসাইকেলের ধাক্কা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলের সামান্য ধাক্কাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. হৃদয় (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। ১০ জুন বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় তার মৃত্যু হয়েছে।

এনটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রাত ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্ব পাশে একটি দোকানে তেল নিতে গেলে শাকতলা গ্রামের আসিফ ও বাদশার মোটরসাইকেলের সঙ্গে ঘোষতল গ্রামের কয়েকজন যুবকের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলেও পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

তবে কিছু সময় পর ঘোষতল গ্রামের প্রান্তের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাজারে আসে। একপর্যায়ে তারা ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে। এ সময় ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা হৃদয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ফারুক হোসেন বলেন, হৃদয় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় চা খাওয়ার জন্য কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ মাহি জানান, রাত সাড়ে ৯টার দিকে হৃদয়কে হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশে গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








‘সব দোষ মাহফুজ আলমের’
‘সব দোষ মাহফুজ আলমের’
১১ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২২



Follow Us