• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৬:০২ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস

২৬ জুন ২০২৬ সকাল ০৮:২০:৪০

গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে দুই গোলের ভিত গড়ে দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পেল নেদারল্যান্ডস। তাতে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডাচরা। শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে মরক্কো।

কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। প্রথমার্ধেই ৭ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া একবার ব্যবধান কমালেও পরে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে ডাচরা।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দুঃস্বপ্নের শুরু হয় তিউনিসিয়ার। ডেনজেল ডামফ্রিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন অধিনায়ক এলিয়েস স্কিরি। আত্মঘাতী সেই গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। একটি ফ্রি-কিক থেকে ভার্জিল ফন ডাইকের হেডে নামানো বল কাছ থেকে জোরালো শটে জালে পাঠান ব্রায়ান ব্রবি। চলতি বিশ্বকাপে এটি ছিল এই ডাচ ফরোয়ার্ডের তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ম্যাচে ফেরার আশা জাগায় তিউনিসিয়া। কর্নার থেকে হানিবাল মেজব্রির দারুণ ক্রসে বক্সের মাঝখান থেকে হেডে বল জালের নিচের বাঁ কোণে পাঠান হাজেম মাসতুরি। তাতে ব্যবধান কমে ২-১ হয়।

তবে তিউনিসিয়ার আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। ৬২তম মিনিটে কর্নার থেকে টাইয়ানি রেইনডার্সের নিখুঁত ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে দুর্দান্ত হেডে বল জালের ওপরের ডান কোণে পাঠান জান পল ফান হেকে। তাতেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রাখে তারা।

এই জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আগামী ৩০ জুন মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এ মরক্কোর মুখোমুখি হবে ডাচরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us