• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৮:১২ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

২৬ জুন ২০২৬ সকাল ০৮:৫২:০৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট: চীনের রাজধানী বেইজিংয়ে আজ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের শেষ দিনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ইতিবাচক ফল বয়ে আনতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন তিনি।

বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের।

প্রধানমন্ত্রীর এ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপদেষ্টারা রয়েছেন।

এর আগে ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বেইজিংয়ে যান। চীন সফর শেষে আজই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us