স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের পর শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট লড়াই। এখন প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ একটি পরাজয়েই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন। এমন পরিস্থিতিতে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপারকম্পিউটারের সিমুলেশনের মাধ্যমে শেষ ৩২-এর ম্যাচগুলোতে কোন দল কতটা এগিয়ে, তার সম্ভাব্য চিত্র প্রকাশ করেছে।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, শেষ ৩২-এর সবচেয়ে একপেশে ম্যাচ হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৭.৮৭ শতাংশ, বিপরীতে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১২.১৩ শতাংশ।
শক্তিশালী অবস্থানে রয়েছে ফ্রান্স ও স্পেনও। সুইডেনের বিপক্ষে কিলিয়ান এমবাপের ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ, আর অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ।
নকআউট পর্বে আত্মবিশ্বাসী অবস্থানে আছে ইংল্যান্ড ও জার্মানিও। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ। অন্যদিকে, প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির জয়ের সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ।
এছাড়া বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখা হয়েছে ৭৮.৪৪ শতাংশ সম্ভাবনায়। ঘানার বিপক্ষে কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।
তবে সবচেয়ে বেশি নজর থাকবে ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ দুটিতে। জাপানের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সম্ভাবনা ৬৭.৩০ শতাংশ।
অন্য ম্যাচগুলোর মধ্যে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা ৬৮.০৫ শতাংশ এবং আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৬৪.৯০ শতাংশ।
তবে কয়েকটি ম্যাচে লড়াই হতে পারে বেশ হাড্ডাহাড্ডি। মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ, আর ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর সম্ভাবনা ৬০.১৯ শতাংশ।
সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হিসেবে ধরা হচ্ছে বেলজিয়াম–সেনেগাল এবং মিশর–অস্ট্রেলিয়া দ্বৈরথকে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ৫৬.৬৭ শতাংশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সালাহর মিশরকে এগিয়ে রাখা হয়েছে মাত্র ৫৪.৩৪ শতাংশ সম্ভাবনায়।
অবশ্য সুপারকম্পিউটারের পূর্বাভাস কেবল পরিসংখ্যানভিত্তিক সম্ভাবনা। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন দল শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available