• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৭:১১ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

৩ জুলাই ২০২৬ সকাল ১০:২৫:০২

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ, কড়া জবাব স্কালোনির

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এই বিতর্ক এবার পৌঁছে যায় সংবাদ সম্মেলনেও। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব বত্রিশের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, টুর্নামেন্টে আর্জেন্টিনা ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাচ্ছে কি না।

জবাবে স্কালোনি বলেন, ‘এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। আপনি যদি না দেখেন, তাহলে এসব জানতেও পারবেন না।’

আর্জেন্টাইন কোচের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন দাবি মুহূর্তেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় সেটিই আলোচনার কেন্দ্রে চলে আসে।

তিনি বলেন, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং ছোট একটি বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়িয়ে দিতে পারে। আমার মনে হয়, এসবকে আমাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।’

স্কালোনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়; বরং পুরো দলের কঠোর পরিশ্রমের প্রতিফলন।

তিনি বলেন, ‘আমাদের সাফল্যের পেছনে লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার অবদান রয়েছে। এটি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, তেমনি যে কেউ যা খুশি লিখতে পারে এবং তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আমরা এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছি না।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে আর্জেন্টিনা আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে।

সূত্র: ইএসপিএন 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us