ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
২ জুলাই বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের বরাতে ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর বিষয়টি আমলে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হওয়ার পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
এতে আরও বলা হয়, প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ধারা অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মো. শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available