স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক পরিস্থিতির কারণেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটারদের নয়, সমর্থকদের জন্যও ছিল হতাশাজনক।
ভারতীয় ক্রীড়াভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মিরাজ। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন।
বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমি মনে করি, এটা রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে আমার বলার মতো তেমন কিছু নেই। প্রত্যেক ক্রিকেটারেরই বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে। আমাদের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। কী ঘটেছিল, সেটা সবাই জানে।’
এর আগে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ সরকার ভারত অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে সম্মতি দেয়নি। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচগুলো অন্য ভেন্যুতে সরানোর অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই আবেদন গ্রহণ করেনি।
পরবর্তীতে আইসিসি স্বাধীনভাবে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে জানায়, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের আবেদনও আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে নাকচ হয়।
বাংলাদেশের অংশগ্রহণ না করায় এবারের ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।
এদিকে, বিশ্বকাপকে ঘিরে আরেকটি বিতর্কের জন্ম হয় জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেওয়ার পরও কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেয়। বিভিন্ন প্রতিবেদনে এ সিদ্ধান্তের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available