স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তবে পরাজয়ের বেদনার মাঝেও লিওনেল মেসির ফুটবল প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কেইনের ভাষায়, ‘আমরা এখন সর্বকালের সেরা ফুটবলারের উপস্থিতির সাক্ষী।’
বাংলাদেশ সময় ১৫ জুলাই বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিওনেল মেসি। তার তৈরি করা আক্রমণ থেকেই প্রথমে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কেইন বলেন, পরাজয় অবশ্যই হতাশাজনক। তবে মেসির মতো একজন ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটাও সৌভাগ্যের বিষয়। তার মতে, মেসির শ্রেষ্ঠত্ব শুধু গোল বা অ্যাসিস্টে নয়; ম্যাচের গতি নিয়ন্ত্রণ, সতীর্থদের অনুপ্রাণিত করা, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখার সামর্থ্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
৩৯ বছর বয়সেও মেসি যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তা ফুটবলপ্রেমীদের বিস্মিত করছে। এই বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি।
আগামী ১৯ জুলাই রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available