অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০) মারা গেছেন।
২৬ আগস্ট বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন।
স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে উদ্ধারের জন্য এগিয়ে যান মিনা রানী। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর দুজনকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বামী-স্ত্রীর একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available