স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুতে একাদশে ছিলেন না লিওনেল মেসি। নকআউট পর্ব আগেই নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিশ্রাম দিয়েছিলেন অধিনায়ককে। তবে বদলি হিসেবে নেমেই গোল করে দুটি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
২৮ জুন রোববার ডালাস স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে জিওভানি লো সেলসোর গোল অফসাইডের কারণে বাতিল হলেও ১৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন তিনি। ৩১ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এরপর ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক নিচু শটে জালে জড়িয়ে ম্যাচে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহো। এছাড়া চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২-এ ওঠা আর্জেন্টিনা আগামী ৪ জুলাই মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে।
বিশ্রামে থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। আর মাঠে নেমে আবারও প্রমাণ করলেন, বিশ্বকাপের মঞ্চে ইতিহাস লেখা এখনও তার অভ্যাসে পরিণত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available