• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৭:৪৪ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

১৯ জুন ২০২৬ সকাল ০৮:৫৮:০৪

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনায় উঠে আসেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ‘ভোজিনহা’। ম্যাচ শেষে ভিসা ও আর্থিক জটিলতার কারণে মাকে যুক্তরাষ্ট্রে এনে খেলা দেখাতে না পারার আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে সেই জটিলতার অবসান হয়েছে। বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার মা আনা কান্দিদা এভোরা।

স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪০ বছর বয়সী ভোজিনহা। ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি হন ম্যাচসেরা খেলোয়াড়। তবে সাফল্যের মুহূর্তেও মায়ের অনুপস্থিতি তাকে আবেগাপ্লুত করে তোলে।

খেলা শেষে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের। কর্তৃপক্ষ জানায়, প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে এবং তার ভ্রমণের অনুমোদন নিশ্চিত করা হয়েছে।

এর ফলে আগামী সোমবার মায়ামিতে অনুষ্ঠিত কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে ছেলের খেলা দেখতে পারবেন এভোরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই তার সফরের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে কেপ ভার্দেসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত আর্থিক নিশ্চয়তার শর্ত নিয়ে আলোচনা ছিল। যদিও বিশ্বকাপের টিকিটধারীদের ক্ষেত্রে পরবর্তীতে সেই বাধা শিথিল করা হয়। এরপরও উচ্চ ব্যয়ের কারণে শুরুতে বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে হয়েছিল ভোজিনহার মাকে। তবে শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে তিনি ছেলের বিশ্বকাপ অভিযান সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা
৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা
১৯ জুন ২০২৬ সকাল ০৭:২৫:৪৮


Follow Us