খেলা ডেস্ক: বার্সেলোনায় জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়গুলো পেছনে ফেলে ২০২১ সালে স্পেন ছেড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। তবে স্প্যানিশ ফুটবলের সঙ্গে মেসির সম্পর্ক শেষ হয়নি। স্পেনে আরও একটি ক্লাব কেনার দোরগোড়ায় পৌঁছে গেছেন মেসি।
স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। এই খবর জানিয়েছে ইএসপিএন। তবে এখনও চূড়ান্ত হয়নি এই চুক্তি। আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলো যাচাই করা হবে, এরপর প্রয়োজন হবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন।
আর সবকিছু ঠিক থাকলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের দল কর্নেয়া ক্লাব কেনেন মেসি। কর্নেয়া আধা পেশাদার ক্লাব, তাই এলদেনসে হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব।
বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব রয়েছে তাদের। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়।
স্প্যানিশ ফুটবলে নিচের স্তরেই বেশির ভাগ সময় কাটিয়েছে ক্লাবটি। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো এলদেনসে দ্বিতীয় বিভাগে উঠেছে ২০২৩ সালে। দুই বছর পর আবার অবনমন হয়। তবে এবারের গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে এলদেনসে।
ফিরেই অবশ্য কঠিন সময় পার করছে দলটি। চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে তারা। একটিতেও জয়ের দেখা পায়নি। এরই মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ ছাড়াই এখন চলছে ক্লাবটি।
ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানার সঙ্গে আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী মেসি।
এলদেনসে ও কর্নেয়ার মালিকানা নিয়ে স্পেনে আপাতত মেসির তাৎক্ষণিক কোনো জটিলতায় পড়ার আশঙ্কা কম। কারণ, স্প্যানিশ ফুটবলে দল দুটির অবস্থানে ব্যবধান তিন ধাপ—কর্নেয়া পঞ্চম বিভাগে ও এলদেনসে দ্বিতীয় বিভাগে। তাই আপাতত দুই ক্লাবের মালিকানা নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ মালিক হন এবং তারা একই বিভাগে উঠে আসে, তখন সমস্যা তৈরি হতে পারে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন একই মালিকের দুই দলকে একই বিভাগে খেলার অনুমতি নাও দিতে পারে।
এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতও খুব বড় নয়। মাত্র ৫ হাজার ৭৭৬ দর্শক বসতে পারেন সেখানে। মেসির হাত ধরে ছোট এ ক্লাব এখন বড় পরিবর্তনের অপেক্ষায়। চুক্তি চূড়ান্ত হলে এলদেনসের মালিকানায় যুক্ত হবে ফুটবল ইতিহাসের অন্যতম বড় তারকার নাম।
সূত্র: প্রথম আলো
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available