• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১০:৪৯ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়ে ড. ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন: রাশেদ

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:০৯

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়ে ড. ইউনূস জামায়াত আমিরকে ফোন করেছিলেন: রাশেদ

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

২ সেপ্টেম্বর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। একই সঙ্গে ঢাকা-১০ আসনটি আসিফ মাহমুদের জন্য ছেড়ে না দেওয়ায় জামায়াতকে ধন্যবাদ জানান রাশেদ।

পোস্টে রাশেদ খান দাবি করেন, আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াতের আমিরের সঙ্গে ড. ইউনূসের ফোনে কথা হয়েছিল। ওই সময় জামায়াতের আমির তাকে জানিয়েছিলেন, প্রয়োজনে আরও দুই-তিনটি আসন ছাড়তে রাজি থাকলেও আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছাড়ার বিষয়ে তিনি অনুরোধ রাখতে পারবেন না।

রাশেদ আরও দাবি করেন, এনসিপির নেতা নাহিদ ইসলাম এ বিষয়ে কারও কারও কাছে আক্ষেপ করেছিলেন যে, অনেক দরকষাকষির পরও জামায়াতের আমির আসিফ মাহমুদের জন্য আসনটি ছাড়েননি। তার দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে রাজি ছিল না।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও পোস্টে বিভিন্ন দাবি করেন রাশেদ। তিনি বলেন, এনসিপির অধিকাংশ নেতাকর্মী কষ্টে জীবনযাপন করলেও আসিফ মাহমুদ মাত্র ১৮ মাস উপদেষ্টা থাকার সময়ে অস্বাভাবিকভাবে সম্পদ অর্জন করেছেন বলে তার কাছে তথ্য রয়েছে।

রাশেদ দাবি করেন, আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এ বিষয়ে তিনি একজনকে বড় অঙ্কের অর্থ দেওয়ার ঘটনা নিজে জানেন। এ বিষয়ে একজন সাবেক উপদেষ্টাকে জানানোর পর তিনি বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন বলেও দাবি করেন রাশেদ।

এনসিপির বুধবারের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের পাশে দলের জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ। তার দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলের ভেতরে অনেকের কাছেই ‘ওপেন সিক্রেট’।

রাশেদ আরও বলেন, আসিফ মাহমুদের উচিত ছিল ‘অল্প বয়সের ভুলের’ জন্য দুঃখ প্রকাশ করা। তবে বিরোধিতার কারণে অন্যরা তার পক্ষে অবস্থান নিলেও তিনি আসিফ মাহমুদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে যাবেন বলে জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ