বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে জামায়াতে ইসলামীতে নিতে হলে দলের কেন্দ্রের অনুমতি নিতে হবে।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, অতীতে দেশের রাজনীতিতে হত্যা, গুম ও খুনের মতো কর্মকাণ্ডের মাধ্যমে তারা অনেক মায়ের কোল খালি করেছে। এসবের জন্য তাদের কোনো অনুশোচনাও নেই।
৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের রাজনীতি তারা হত্যা করেছে। অসংখ্য মানুষকে তারা গুম-খুন করেছে। এখনো পাশের দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে। সুতরাং শুধু খোলস বদল করে দ্রুত রাজনীতিতে ফিরে আসার সুযোগ তাদের নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ জামায়াতে ইসলামীতে যোগ দিতে চাইলে তা দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমেই করতে হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামীর আমীর। এ সময় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসসহ দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সমসাময়িক জাতীয় ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available