• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১২:৫৬ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন জমা পড়ছে: মির্জা ফখরুল

২৭ জুলাই ২০২৬ দুপুর ১২:২৪:৩৮

একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন জমা পড়ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় চার কোটি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে। কিন্তু দেশে সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ না থাকায় বেকারত্বের সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়।

২৭ জুলাই রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের স্বাগত জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে অফিস সহকারী পদের মতো চাকরিতেও বিপুল সংখ্যক আবেদন জমা পড়ছে। চাকরির বাজারে এমন তীব্র প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, সৃজনশীল অর্থনীতির আওতায় কামার, কুমার, তাঁতি, শিল্পী, খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের বিদেশে কর্মসংস্থানের সুযোগও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষিভিত্তিক শিল্পের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, সরকার ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে ঘোষণা করেছে, যা কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। তাঁর দাবি, গত ১৭ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। বর্তমান সরকার সেগুলো পুনর্গঠনের কাজ করছে। তবে এই প্রক্রিয়া সহজ নয়; এর জন্য আত্মবিশ্বাস, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পুনর্গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা ইসলাম ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪



দেশে ফের স্বর্ণের দামে লাফ
দেশে ফের স্বর্ণের দামে লাফ
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:১৮



Follow Us