• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৩২:২১ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

বিয়ের আশ্বাসে ভাড়া বাসায় রেখে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

২৭ জুলাই ২০২৬ সকাল ১০:৫২:৩১

বিয়ের আশ্বাসে ভাড়া বাসায় রেখে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় বিয়ের প্রলোভনে ভাড়া বাসায় আটকে রেখে এক তরুণীকে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ২৫ জুলাই শনিবার রাতে মনিরুজ্জামান লাভলু নামের ওই ট্রাকচালককে আসামি করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন সূত্রে জানা যায়, অভিযুক্ত ট্রাকচালক মনিরুজ্জামান লাভলুর বাড়ি রংপুর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বনুঘাট চওড়ারহাট করবলাটারী এলাকায়। প্রায় ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে লাভলুর পরিচয় হয়। পরিচয়ের সূত্রে লাভলু নিজেকে অবিবাহিত দাবি করে তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। তরুণী তাঁর পরিবারের আর্থিক অস্বচ্ছতার কথা জানালে লাভলু নিজে খরচে তাঁকে বিয়ে করার আশ্বাস দেন।

এই আশ্বাসের ভিত্তিতে গত ৩ এপ্রিল লাভলু ওই তরুণীকে নিয়ে সাহেবগঞ্জ এলাকায় পাপ্পু নামের এক ব্যক্তির বাসায় ভাড়া ওঠেন। সেখানে ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ তিন মাস ধরে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন লাভলু। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত লাভলু তাঁকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত করান।

এরপর তরুণী লাভলুকে বিয়ের জন্য চাপ দিলে গত ৩ জুলাই শুক্রবার তাঁকে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তরুণী লাভলুর গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে, লাভলু আগে থেকেই বিবাহিত এবং তাঁর স্ত্রী-সন্তান রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি গত শনিবার রাতে হারাগাছ থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, অভিযুক্ত মনিরুজ্জামান লাভলুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে ফের স্বর্ণের দামে লাফ
দেশে ফের স্বর্ণের দামে লাফ
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:১৭:১৮









Follow Us