ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে দেওয়া আলোচিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। তিনি দাবি করেছেন, ওই বক্তব্যে তিনি নিজের ব্যক্তিগত মতামত দেননি; বরং দলীয় তদন্তের সময় সংশ্লিষ্ট তরুণী ও তার পরিবারের সদস্যদের বক্তব্যই তুলে ধরেছিলেন।
২৪ জুলাই শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কিছু গণমাধ্যম তার বক্তব্যের আংশিক অংশ প্রকাশ করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এর আগে ২৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা এলাকায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বিবৃতিতে আব্দুল খালেক বলেন, অনুষ্ঠানে উপস্থিত লোকজন গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি দলীয় তদন্তকালে সংশ্লিষ্ট তরুণী ও তার বাবার দেওয়া বক্তব্যের সারাংশ তুলে ধরেন। সেটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়।
তিনি আরও বলেন, বক্তব্যের পরই তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে ঘটনাটি অনৈতিক এবং এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি যথাযথ। তিনি জানান, দলীয় সিদ্ধান্তের সঙ্গে তিনিও একমত এবং জনগণও সেই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
সংবাদ প্রকাশের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল খালেক বলেন, কিছু গণমাধ্যম তার বক্তব্যের অংশবিশেষ প্রকাশ করেছে, ফলে বক্তব্যের প্রকৃত অর্থ পরিবর্তিত হয়েছে। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরলে এ ধরনের বিভ্রান্তির সুযোগ থাকবে না।
এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল খালেক এমন কিছু মন্তব্য করেছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং সমালোচনার জন্ম দেয়। পরবর্তী বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ওই মন্তব্যগুলো তার ব্যক্তিগত মত নয়; বরং দলীয় তদন্তের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্যের উদ্ধৃতি ছিল।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। পরে বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available