অনলাইন ডেস্ক: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এই বরাদ্দের জন্য দাপ্তরিক টেন্ডার আহ্বান করা হবে।
৯ নভেম্বর (সোমবার) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল আকস্মিক পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের নতুন আইসিইউ (ICU), পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকেট ব্যবস্থা, কিউআর কোড (QR code) স্ক্যানিং এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যেন সম্পূর্ণ সততার সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি মেনে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই অনুকূল পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করবে।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের রোগীদের প্রতি আরও যত্নশীল ও সহনশীল আচরণ করার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ খাতে সেবার মান বাড়াতে যত অর্থবরাদ্দ প্রয়োজন, তা প্রদানে সরকারের পূর্ণ সদিচ্ছা রয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available