• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২৬:৪২ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে এনসিপির দুই নেতাকে অব্যাহতি, ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

২৭ জুন ২০২৬ দুপুর ০২:০৬:২১

মৌলভীবাজারে এনসিপির দুই নেতাকে অব্যাহতি, ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির দুই নেতাকে দলের সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, এ সিদ্ধান্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এক নেতাকে অপহরণের নাটক সাজানোর অভিযোগ তুলেছে জেলা কমিটি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতার পক্ষ থেকে অভিযোগের সত্যতা স্বীকার করা হয়নি।

জানা গেছে, ২৬ জুন শুক্রবার এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী ও সংগঠক সারজিস আলম মৌলভীবাজারের সীমান্ত এলাকা পরিদর্শনে গেলে তাদের উপস্থিতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অশোভন আচরণের অভিযোগ ওঠে জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান এবং জুলাই আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইনের বিরুদ্ধে।

এরপর রাতে জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদের স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে ওই দুই নেতাকে দলের সব সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

এদিকে, দলীয় সিদ্ধান্তের পর এক নেতাকে অপহরণের অভিযোগ তুলে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে জেলা কমিটি।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির জুলাই আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। তার দাবি, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদ নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়।

আব্দুল্লাহ আল হুসাইন পুলিশকে জানান, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের সফরকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

তবে এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ দাবি করেন, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় অব্যাহতি দেওয়ার বিষয়টি আড়াল করতেই অপহরণের অভিযোগ তোলা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এনসিপির কোনো নেতাকে অপহরণের বিষয়ে তাদের থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us