ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। ৩ জুন বুধবার রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
কারা সূত্রের বরাতে বাংলা ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা যায়, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিন-সংক্রান্ত সব নথি ও আদালতের আদেশ যাচাই-বাছাই শেষে তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
এর আগে ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এর ফলে আইভীর বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলার সবকটিতেই জামিন নিশ্চিত হয়।
এর আগে ১০টি মামলায় জামিন পাওয়ার পর তাকে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একটি মামলায় গত ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে ৩০ এপ্রিল হাইকোর্ট ওই দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলেও চেম্বার আদালত শেষ পর্যন্ত জামিন বহাল রাখেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এসব মামলায় হাইকোর্ট গত বছরের ৯ নভেম্বর জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ আপিল করলেও চলতি বছরের ১০ মে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন। ফলে মামলাগুলোতে আইভীর জামিন বহাল থাকে।
পরবর্তীতে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি হত্যা মামলা এবং একটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা। এসব মামলায়ও হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে আপিল বিভাগ জামিন বহাল রেখে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ‘সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ এবং আপিল বিভাগের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available