ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় কোনো মন্তব্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি এখন জামায়াতের কেউ নন।
২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদেরও ডাকা হয়েছে।
ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, এটি ব্যক্তিগত বিষয় হওয়ায় এ নিয়ে দলের কোনো বক্তব্য নেই। তিনি বলেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন। ব্যক্তিগত কোনো অপরাধ বা ঘটনার তদন্ত সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিষয়।
জানা গেছে, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম।
সম্প্রতি এক তরুণীর সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছেও চিঠি দেওয়া হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
সূত্র: কালবেলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available