আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির কাছে সরকারি বাহিনীর সঙ্গে হুথি যোদ্ধাদের তীব্র সংঘাত হয়েছে। এতে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
২০ সেপ্টেম্বর রোববার রাতে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি। তাঁর দাবি, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা সংঘাতে হুথিদের ৮০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাদের নয়টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।
আল-হাতেমি বলেন, মারিবে হুথিদের হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। সংঘাতের পর হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা পালিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, স্থলযুদ্ধের পাশাপাশি মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান অভিযানও পরিচালনা করেছে ইয়েমেনের বিমানবাহিনী। এসব অভিযানে হুথিদের সামরিক স্থাপনা ও যোদ্ধাদের সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে এ সংঘাতে ইয়েমেনি সেনাবাহিনীর কতজন সদস্য হতাহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি আল-হাতেমি।
ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে মারিব অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই প্রদেশে দীর্ঘদিন ধরেই হুথিদের সঙ্গে সংঘাত চলছে। হুথিরা মারিব প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিলেও রাজধানী মারিব সিটির নিয়ন্ত্রণ নিতে পারেনি।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দেওয়ায় সংঘাত আরও তীব্র হয়। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে গত জুলাইয়ের শেষ দিকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।
এদিকে, শনিবার ইয়েমেনের রাজধানী সানা, আমরান ও হোদেইদায় অন্তত ৫০ জন হুথি যোদ্ধা ও কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
হুথিদের ক্ষয়ক্ষতির বিষয়ে আল-হাতেমি আরও দাবি করেন, যুদ্ধক্ষেত্রে তাদের প্রকৃত প্রাণহানির তুলনায় প্রকাশ্যে স্বীকার করা সংখ্যা অনেক কম। তাঁর দাবি, প্রতিদিন ৩০০ থেকে ৫০০ হুথি যোদ্ধা নিহত হচ্ছেন। তবে এ দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আরব নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available