ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
২৯ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
প্রশাসনের ভাষ্য, একই স্থানে দুই পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর ফলে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশৃঙ্খলা বিঘ্ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
সূত্র: দৈনিক যুগান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available