নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন ৭ জন।
১ মে শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।


প্রাপ্ত তথ্যে জানা যায়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৫টি, সৌদি এয়ারলাইনস ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে হজ পালন করতে গিয়ে মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রংপুর কোতয়ালী থানার মো. শামসুল আলম (৬৩) রয়েছেন, যিনি মঙ্গলবার মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন এবং এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের মধ্যে এটিই প্রথম মৃত্যু।
এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা যান। একই দিনে মক্কায় মারা যান শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available