ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারিত্ব ও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী দিনে বাংলাদেশ যেসব প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেগুলোতে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন সামাজিক কর্মসূচি, বিশেষ করে পরিবার কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে। এসব কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া কর্মসূচিতে ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজশর্তের ঋণের যে কাঠামো চালু করা হয়েছে, তা বিশ্বব্যাংকের সহযোগিতায় আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
দেশের তেল ও গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহযোগিতা করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
আমির খসরু বলেন, সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প যেন সরবরাহব্যবস্থার সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে দুই পক্ষ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই উন্নয়ন প্রকল্পগুলো গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির যেসব প্রকল্প চালু করা হয়েছে, সেগুলো আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available