ডেস্ক রিপোর্ট: মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। আজ ৭ অক্টোবর বুধবার রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
নিষেধাজ্ঞার এই সময়ে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রজনন মৌসুমে মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে নদীতে মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই সময়ে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারলে পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বাড়বে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীসংলগ্ন খালের মুখ বন্ধ করার পাশাপাশি অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীতে নিয়মিত নজরদারি ও অভিযানও জোরদার করা হবে।
এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগেই চাঁদপুরের জেলেরা নদী থেকে নৌকা ও জাল তীরে তুলে আনতে শুরু করেছেন। জেলার ৫০ হাজারের বেশি জেলে এখন নদীর বদলে তীরেই ব্যস্ত সময় পার করছেন। কোথাও নৌকা মেরামত করা হচ্ছে, আবার কোথাও জাল শুকিয়ে নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে।
নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সহায়তায় চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।
মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামেন এবং মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগের পক্ষ থেকে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
সূত্র: কালবেলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available