ডেস্ক রিপোর্ট: ‘শরণার্থীশিবিরে চিরদিন থাকতে চাই না, নিজেদের ঘরে ফিরতে চাই’ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে এমন আকুতি জানিয়েছেন রোহিঙ্গারা। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেলে তাঁরা এ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
২০ নভেম্বর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে খলিলুর রহমান উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান। সফরকালে তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
এ সময় খলিলুর রহমান বলেন, ‘আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’
পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের পর তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনে বিশ্বকে একযোগে কাজ করতে হবে। এটি শুধু রোহিঙ্গা বা বাংলাদেশের একার সমস্যা নয়, বরং সমগ্র বিশ্বের সমস্যা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির এ সফরকে স্বাগত জানিয়ে কিন মং আশা প্রকাশ করেন, খলিলুর রহমান রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।
উল্লেখ্য, ১৯ নভেম্বর বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের এ রায়কে রোহিঙ্গারা তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available