ডেস্ক রিপোর্ট: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে যাচ্ছেন। এর আগে তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে।
ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় পর্যায়ে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে মহানগর উত্তরের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি আরও স্পষ্ট হয়।
এ ছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্ক ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে পারেন বলে দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য, মিষ্টি বিএনপির সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাঈদুর রহমান নিউটন ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা, যিনি ২০০২ সালে নিহত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available