অনলাইন ডেস্ক: খাল খনন কর্মসূচি আগামী বছরের নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১১৮টি নতুন ধানের জাত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
১ আগস্ট শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান খাল খনন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যেই আগামী বছর শেষ হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে।
কৃষিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও উপকূলীয় অঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে ১১৮টি নতুন ধানের জাত সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৩০ টন বীজ বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার জন্য লবণাক্ততা সহনশীল নতুন ধানের জাত উদ্ভাবনের কাজ চলমান রয়েছে। কৃষিবিজ্ঞানীরা এ বিষয়ে নিরবচ্ছিন্ন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতেও আরও সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের উদ্যোগ অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available