আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে চলেছে। সেই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা হতে পারে—এমন গুঞ্জনে তেলের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এসব ঘটনার জেরে অপরিশোধিত তেলের দাম গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে পাওয়া তথ্যে জানা যায়, ৩০ অক্টোবর শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার্সের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে গিয়ে ঠেকেছে। এর আগে গত ৩১ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলার ২০ সেন্টে উঠেছিল। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ঊর্ধ্বমুখী। শুক্রবার ডব্লিউটিআই-এর দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে কেনাবেচা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বাজার বিশ্লেষণ অনুযায়ী, চলতি অক্টোবর মাসজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এ নিয়ে টানা চার মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয়, তবে চলতি বছরেই জ্বালানিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সামগ্রিক দাম প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। আর এর প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে তীব্র মূল্যস্ফীতির চাপ তৈরির চরম ঝুঁকি রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available